ঢাকাগামী একটি বাসে তল্লাশিতে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ২
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

ঢাকাগামী একটি বাসে তল্লাশিতে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ২
যশোরের কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেয়ারডিল সিরাপসহ অলিয়ার বিশ্বাস (৩৬) এবং রাসেল হোসেন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের একটি দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে যশোর হয়ে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, যশোরের চৌগাছা থানার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে অলিয়ার বিশ্বাস (৩৬) এবং একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন (২২)।
এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, দুই মাদক ব্যবসায়ী খুলনা থেকে যশোর হয়ে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল কোতোয়ালী মডেল থানার বাহাদুরপুর স্কুল মোড়ে যশোর-ঢাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়।
চেকপোস্টে দিগন্ত পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা এসব মাদকদ্রব্য খুলনা থেকে ঢাকাগামী বাসে করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানায়। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে এমন তথ্য পাওয়া যায়নি।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
