ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ

পূজা দেখতে বেরিয়ে ফিরল না দুই শিশু, সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

পূজা দেখতে বেরিয়ে ফিরল না দুই শিশু, সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ

পূজা দেখতে বেরিয়ে ফিরল না দুই শিশু, সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমার। কে জানত, আনন্দের সেই যাত্রাই পরিবারের জন্য হয়ে উঠবে চিরবেদনার! পূজামণ্ডপে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল তাঁর দুই সন্তান শোভন (১০) ও দিশা (৩)। মুহূর্তেই একটি পরিবারের আনন্দ পরিণত হলো কান্না আর আহাজারিতে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে যাত্রীবাহী ভ্যান ও গরু বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের বাসিন্দা সাধন কুমারের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হন সাধন কুমার। পথে ফুলতলার কাউন্সিল রোডে তাঁদের বহনকারী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী নসিমনের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শোভন ও দিশা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় শিশু দুটির বাবা-মা ছাড়াও নসিমনচালক আব্দুল মজিদ (৪৫) এবং নসিমনের এক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে নসিমনচালক ও এক যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন শিক্ষক সাধন কুমার ও তাঁর স্ত্রী। যে সন্তানদের হাত ধরে পূজার আনন্দ উপভোগ করার কথা ছিল, তাদেরই অকালে হারিয়ে শোক সামলাতে পারছেন না স্বজনেরা। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের বাবা-মা ও ভ্যানচালক আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। নিহত শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

পূজা দেখতে বেরিয়ে ফিরল না দুই শিশু, সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ | সীমান্তের খবর