ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

শার্শায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার

যশোরের শার্শায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি স্মার্টফোনসহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার বাগুড়ী গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই থানার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত আমীন উদ্দীন তরফদারের ছেলে বকুল হোসেন (৫০) এবং যশোরের শার্শা থানার রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই মোস্তাক আহম্মদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁদের হেফাজত থেকে এক হাজার টাকার ২৭৬টি নোটসহ মোট ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল সালুর কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

পুলিশের ধারণা, কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করা হতো। চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল বলেও জানিয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন