নাভারণে দুই কেজি গাঁজাসহ যুবক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

নাভারণে দুই কেজি গাঁজাসহ যুবক আটক
বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেল থেকে নেমে অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ব্রিজের পূর্ব পাশে পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
আটক শামীম বাবু যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এসআই (নিঃ) কেরামত আলী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে জরুরি মোবাইল ডিউটি করছিলেন। এ সময় নাভারণ থেকে যশোরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে তাঁদের সন্দেহ হয়। পুলিশ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে একজন নেমে দৌড়ে পালিয়ে যান। পরে অপর আরোহী শামীম বাবুকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলসহ দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এসআই কেরামত আলী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ১৪ অক্টোবর ঝিকরগাছা থানায় মামলা নম্বর ১৪ দায়ের করা হয়েছে।
