ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় বিস্ফোরক আইনের মামলায় আ'লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় বিস্ফোরক আইনের মামলায় আ'লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

শার্শায় বিস্ফোরক আইনের মামলায় আ'লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে তৃণমূল আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল আজিজ (৫০) এবং রাত ৮টা ১০ মিনিটে পাঁচভূলট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হযরত আলীকে (৬৫) গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুল আজিজ শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শেফাতুল্লাহর ছেলে। অপর আসামি হযরত আলী একই উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভূলট গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল আজিজ শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ক্যাডার। তাঁর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। অপরদিকে, হযরত আলী শার্শা উপজেলার গোগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এফআইআর নম্বর ২৩ ও জিআর নম্বর ৩০২-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা মামলার তদন্তে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুজনকে বুধবার (১৪ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন