যশোরের শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শার বেলতলায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেলতলা-পশ্চিমকোটা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা থানার বুরুজবাগান (দক্ষিণ) গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং তার ছেলে সাকিব হোসেন রানা (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১টা ৩৫ মিনিটের দিকে শার্শা থানার বেলতলা-পশ্চিমকোটা সড়কের ওসমান সরদারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।
তবে প্রশ্ন উঠেছে, বিপুল পরিমাণ এই ভয়ংকর মাদক ইয়াবা বেলতলা এলাকায় কীভাবে পৌঁছাল এবং মা-ছেলে ইয়াবাগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন। মাদকের উৎস, সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তদন্ত করে প্রকৃত চক্রকে শনাক্ত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, মাদকের বিস্তার ঠেকাতে শুধু বাহক নয়, এর নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।
