নাশকতার পরিকল্পনার অভিযোগে শার্শার শফি উদ্দীন নামে এক আ'লীগ নেতা গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

নাশকতার পরিকল্পনার অভিযোগে শার্শার শফি উদ্দীন নামে এক আ'লীগ নেতা গ্রেপ্তার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শফি উদ্দীন (৫০) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফি উদ্দীন যশোর জেলার শার্শা থানার ডিহি ইউনিয়নের পাকশিয়া এলাকার চন্দ্রপুর গ্রামের আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দাবি, শফি উদ্দীন শার্শা এলাকা থেকে এসে রাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনটির প্রচার-প্রচারণা এবং উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজগঞ্জ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনা করা হচ্ছে। পরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে শফি উদ্দীনকে গ্রেপ্তার করে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শফি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
