ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শার ৩ যুবক আটক: বিজিবির পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, উদ্ধার ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২ আগস্ট, ২০২৬
শার্শার ৩ যুবক আটক: বিজিবির পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, উদ্ধার ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র

শার্শার ৩ যুবক আটক: বিজিবির পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, উদ্ধার ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র

যশোর শহরে বিজিবির সদস্য পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে শার্শার তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠিতলা এলাকায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার গোগা ইউনিয়নের গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), গোগা ইউনিয়নের হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়ির মালিক, ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনজনকে আটক করা হয়।

ডিবি জানায়, দরজা খুলে এক ব্যক্তি নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে থাকা আরও দুজনও নিজেদের বিজিবির সদস্য দাবি করেন। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা স্বীকার করেন, তারা বিজিবির সদস্য নন। দীর্ঘদিন ধরে বিজিবির পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ সংঘটিত করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এসময় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি কালো রঙের ওয়াকিটকি (ওয়ারলেস সেট), একটি স্টিলের চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক উজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার (২ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

শার্শার ৩ যুবক আটক: বিজিবির পোশাক পরে ডাকাতির প্রস্তুতি, উদ্ধার ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র | সীমান্তের খবর