ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৪ মে, ২০২৬
সারাদেশ

যশোরের শার্শায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২ মে, ২০২৬
যশোরের শার্শায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

যশোরের শার্শার পল্লীতে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ

যশোরের শার্শার পল্লীতে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে ২০২৬) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সম্রাট হোসেন যশোর জেলার শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে এবং শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

শার্শা থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটি স্থানীয় শালকোনা সরকারি প্রাইমারী স্কুলের ৩য় শ্রেনীর শিক্ষার্থী। সে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বেলা অনুমান ৩ ঘটিকার সময় তার খেলার সাথী প্রতিবেশী (ছদ্মনাম) ক (৬ বছর), খ (৫ বছর) এবং গ (৩ বছর) একসাথে নিয়ে তাদের বাড়ীর পার্শ্ববর্তী এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল তুলতে যায়। বিকাল অনুমান ৪ ঘটিকার সময় আসামী সম্রাট হোসেন বাইসাইকেল চালিয়ে উক্ত এড়োখাল ব্রীজের নিকট যায়। ভিকটিমকে বাইসাইকেলে উঠতে বলে এবং অন্যান্য শিশুদের সেখানে বসে থাকতে বলে।

শিশুটি বাইসাইকেলে উঠতে রাজি না হওয়ায় সে জোর পূর্বক তাকে বাইসাইকেলে উঠিয়ে শালকোনা গ্রামস্থ জনৈক বাবলুর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ভিকটিমের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে আসামী সম্রাট কৌশলে দৌড়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে বৃহস্পতিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলুর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত সম্রাট হোসেনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, ধারা-৯(৪) (খ) নিয়মিত মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ- ০২ মে ২০২৬।

শেয়ার করুন