ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়

সীমান্তে নজরদারি জোরদার, পলাতক ও ফেরারি আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

প্রতিনিধি

কামাল হোসেন:

সীমান্তে নজরদারি জোরদার, পলাতক ও ফেরারি আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

সীমান্তে নজরদারি জোরদার, পলাতক ও ফেরারি আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

পলাতক ও ফেরারি আসামি, অপরাধী এবং দুষ্কৃতকারীদের অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, মানবপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে বিজিবি।

রোববার (১৫ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

সভায় বিজিবির পক্ষ থেকে তিনি জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত যেকোনো সময় অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, ড্রোন, সিসি ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারসহ আধুনিক নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া পলাতক ও ফেরারি আসামি, অপরাধী এবং তাদের সহযোগী দালাল চক্রের গতিবিধি শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ এবং অপরাধীদের পালিয়ে যাওয়া কিংবা অবৈধভাবে দেশে প্রবেশের সুযোগ বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদান এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। অবৈধ সীমান্ত পারাপারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে আশ্রয় না দেওয়া এবং অবৈধ পারাপারের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অবৈধ পারাপারের রুট, মানবপাচারকারী দালাল চক্র কিংবা অপরাধীদের সীমান্ত পারাপারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়।

এ জন্য বিজিবির পক্ষ থেকে একটি জরুরি হটলাইন নম্বরও চালু রাখার কথা জানানো হয়েছে। সীমান্তে অবৈধ তৎপরতা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে ০১৭৬৯৬০৪১১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়।

সভায় বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। রাতের নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে বিজিবির পক্ষ থেকে বলা হয়, নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন