ইউনিয়ন পরিষদের দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

ইউনিয়ন পরিষদের দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের প্রচলিত পদবিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘দফাদার’ পদবির পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবির পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ নামকরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সংক্রান্ত ২০১৫ সালের বিধিমালা সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় আগের নাম পরিবর্তন করে নতুন পদবি নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে বিধিমালার সর্বত্র ‘দফাদার’-এর পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’-এর পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদবির এই পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম সংশোধিত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
