ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়

দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, নেই হতাহতের ঘটনা

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, নেই হতাহতের ঘটনা

দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, নেই হতাহতের ঘটনা

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার একটি দোকানে লাগা আগুন দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেল ৫টার দিকে সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়ি সরাসরি প্রবেশ করতে পারেনি। এর সঙ্গে প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতাও আগুন নেভানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়। প্রয়োজন হলে আরও ইউনিট পাঠানোর প্রস্তুতিও ছিল।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও সরু গলির কারণে চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে প্রায়ই নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এর আগে গত বছরের ডিসেম্বরে চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন