ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
জাতীয়

তেজগাঁও কলেজে নজরুলের মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সেমিনার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজে নজরুলের মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সেমিনার

তেজগাঁও কলেজে নজরুলের মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সেমিনার

ঢাকার তেজগাঁও কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে ‘নজরুল’ শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের অডিটোরিয়াম-১-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক মিনার মনসুর।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নুর নবী আল মাহমুদ, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে নজরুলের সৃষ্টিকর্ম, বিদ্রোহী চেতনা, মানবিক মূল্যবোধ এবং সমকালীন সমাজে তাঁর সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, নজরুল আমাদের সাহিত্যের অমৃত অহংকার। তাঁর সৃষ্টিকর্ম শিল্প-সাহিত্য থেকে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে।

প্রধান অতিথি অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, যুগের সন্ধিক্ষণে নজরুলের আবির্ভাব ছিল সময়োচিত। তাঁর মানবতাবাদী সৃজনসম্ভার তাঁকে কালোত্তীর্ণ করেছে। রাষ্ট্র ও সমাজে বিভেদ, অবিশ্বাস ও সন্দেহ যখন বাড়ছে, তখন নজরুলের অদ্বৈতবাদী ও সমন্বয়ী চেতনাকে কর্মে ধারণ করা জরুরি।

তিনি আরও বলেন, কাব্য, গল্প, উপন্যাস, ভাষণ, গজল, ইসলামি সংগীত, শ্যামাসংগীত ও ভক্তিগীতিসহ নজরুলের সমুদয় সৃষ্টি মহামিলনের সুরের কথা বলে। তাঁর মানবতাবাদী দর্শন আগামী দিনের মানুষের হৃদয়ের বাণী ও জাগরণ সংগীত হয়ে উঠবে।

আলোচনা শেষে গল্প পাঠ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন