জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা বাসের পর লঞ্চে
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা বাসের পর লঞ্চে
জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা এবার নৌপথের যাত্রীদের ওপরও পড়ল। বাসের পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপথের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রীদের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়তি ভাড়া দিতে হবে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২০ পয়সা। ফলে দূরপাল্লার নৌযাত্রায় যাত্রীদের ব্যয় আরও বাড়বে।
এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সড়কপথের গণপরিবহনের ভাড়াও বাড়ানো হয়। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন নির্ধারিত হারে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
যদিও বাস মালিকদের সংগঠনগুলোর পক্ষ থেকে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত দূরপাল্লার বাসে ১৭ পয়সা এবং মহানগর পরিবহনে ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধারাবাহিকভাবে সড়ক ও নৌপথের গণপরিবহনের ভাড়া বাড়ায় সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যয় আরও বাড়তে যাচ্ছে।
