অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

দেশের সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দেশের সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীপক্ষের আইনজীবীরা জানান, সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনাসহ রুল জারি করেন।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দেওয়া পৃথক আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের কার্যক্রম সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু আদালতের নির্দেশনা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার কার্যক্রম পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে গত সপ্তাহে এইচআরপিবির পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা বন্ধ ও অপসারণে আদালতের আগের নির্দেশনাগুলোর বাস্তবায়ন অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়।
শুনানিতে আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মোঃ সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত আবেদনটি মঞ্জুর করে আগের নির্দেশনা অনুযায়ী দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের অযথা হয়রানি না করার বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন আদালত।
