তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
সোমবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত তেজগাঁও কলেজ দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কলেজটিতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এখানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি (পাস) কোর্সের পাশাপাশি ২৮টি বিষয়ে অনার্স ও মাস্টার্স, প্রিলিমিনারি টু মাস্টার্স এবং বিভিন্ন পেশাগত কোর্স চালু রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, বেসরকারি কাঠামোয় পরিচালিত হওয়ায় বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার ব্যয় বহন করতে হচ্ছে। কলেজটি সরকারিকরণ করা হলে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে এবং সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সরকারিকরণের দাবিতে ইতোমধ্যে প্রায় ১০ হাজার সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর দিয়েছেন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে তেজগাঁও কলেজকে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান পাপন ও আরিফ আল নোমান, ছাত্র অধিকার পরিষদের নেতা হারুন অর রশিদ, তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি নিশার আহমেদ স্বাধীন এবং কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুন নেছা বুশরা।
শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সরকার দ্রুত তেজগাঁও কলেজ সরকারিকরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
