ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ অবিলম্বে সরকারিকরণের দাবিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ অবিলম্বে সরকারিকরণের দাবিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৪ অক্টোবর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নূর নবী আল মাহমুদের হাতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত তেজগাঁও কলেজ দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ৬৫ বছর ধরে শিক্ষা বিস্তার ও দক্ষ মানবসম্পদ গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে ২৯টি বিভাগে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাঁদের বড় একটি অংশ নিম্ন-মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের সন্তান।
শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় তাঁদের অতিরিক্ত শিক্ষাব্যয়ের চাপ বহন করতে হচ্ছে। ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণ ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তেজগাঁও কলেজকে সরকারি ব্যবস্থাপনায় নেওয়া এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও বলেন, একটি প্রতিষ্ঠান সরকারিকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত যেসব মানদণ্ড ও যোগ্যতা থাকা প্রয়োজন, তেজগাঁও কলেজের সেগুলোর সবই রয়েছে।
দীর্ঘদিনের ঐতিহ্য, বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কলেজটি সরকারিকরণের দাবি জানান তারা।
শিক্ষার্থীদের স্মারকলিপিতে মূলত চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬৫ বছরের দীর্ঘ পথচলা; ২৯টি বিভাগে ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ; বেসরকারি ব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত শিক্ষাব্যয়ের চাপ এবং সরকারিকরণের প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত যোগ্যতার উপস্থিতি।
শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজ সরকারিকরণ করা হলে বিপুলসংখ্যক সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত ও টেকসই উচ্চশিক্ষার সুযোগ পাবেন। তাই শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে কোনো ধরনের বিলম্ব না করে তেজগাঁও কলেজকে অবিলম্বে সরকারি ঘোষণা করার দাবি জানান তারা।
