ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামাল হোসেন পাঠান আর নেই

প্রতিনিধি

ইয়ানুর রহমান:

শার্শার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামাল হোসেন পাঠান আর নেই

যশোরের শার্শার ঐতিহ্যবাহী লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক কামাল হোসেন পাঠান (৫৫) আর নেই।

যশোরের শার্শার ঐতিহ্যবাহী লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক কামাল হোসেন পাঠান (৫৫) আর নেই। রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কামাল হোসেন পাঠান শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত রহমান পাঠানের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন।

আসর নামাজের পর নৈহাটি গ্রামের মসজিদের সামনে মেহগনি বাগানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে শোকাহত পরিবেশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তার থাইরয়েডে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করা হলে অপারেশনকৃত স্থানে ক্যান্সারের জীবাণু শনাক্ত হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ৩৬টি কেমোথেরাপি দেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে গণিত বিষয়ে শিক্ষকতা করেছেন কামাল হোসেন পাঠান। গুণী, মেধাবী ও নম্র স্বভাবের এই শিক্ষক অল্প সময়েই সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন।

তার মৃত্যুতে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে হারিয়ে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী শিক্ষকরা বলেন, কামাল হোসেন শুধু একজন দক্ষ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, স্নেহশীল ও দায়িত্বশীল একজন অভিভাবকতুল্য শিক্ষক। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটি একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারাল।

এদিকে তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

শেয়ার করুন