বেনাপোল বন্দরের গতি বাড়াতে সিঅ্যান্ডএফ-সাংবাদিক মতবিনিময়
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোল বন্দরের গতি বাড়াতে সিঅ্যান্ডএফ-সাংবাদিক মতবিনিময়
বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের জটিলতা, ব্যবসায়ীদের হয়রানি নিরসন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আনতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সভায় বন্দরের বর্তমান কার্যক্রম, আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতা, পণ্য খালাসে জটিলতা, ব্যবসায়ীদের হয়রানি এবং বন্দরের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দর। এ বন্দরের কার্যক্রমের সঙ্গে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িত। বন্দরের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে পণ্য খালাসের জটিলতা, ব্যবসায়ীদের ভোগান্তি এবং বন্দরকেন্দ্রিক বিভিন্ন অনিয়মের বিষয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দ বলেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে বন্দর ও আমদানি-রপ্তানি বাণিজ্যের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
সভায় বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব ও আমাদের প্রেসক্লাব বেনাপোলের সদস্যরা উপস্থিত ছিলেন।
