শার্শায় দুর্গাপূজার নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় দুর্গাপূজার নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোরের শার্শায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) শার্শা থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক নীল কুমার সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, পূজা উদযাপন কল্যাণ ফান্ডের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক শম্ভু পাল। এছাড়া শার্শা থানার আওতাধীন ২৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।
সভায় প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সিসি ক্যামেরা সচল রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে মতবিনিময় করেন পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতারা।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক বলেন, পূজাকে ঘিরে শান্তিশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।
এছাড়াও এ সময় কোনো ধরনের উসকানিমূলক অপপ্রচারে কান না দিয়ে সন্দেহজনক কোনো ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
