ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
সারাদেশ

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী ময়ুর আটক

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

২৫ আগস্ট, ২০২৬
যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী ময়ুর আটক

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী ময়ুর আটক

যশোরে ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ময়ুরকে আটক করে তল্লাশি করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর বিজিবিকে জানান, ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। মুঠোফোনের মূল্য ১০ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬০০ টাকাসহ জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার প্রতিরোধ এবং পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি জানান, আটক ময়ুরের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন