ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
জাতীয়

এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শোকজ করছে শিক্ষা বোর্ড

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১৪ আগস্ট, ২০২৬
এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শোকজ করছে শিক্ষা বোর্ড

এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শোকজ করছে শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে কারণ অনুসন্ধানে নেমেছে শিক্ষা বোর্ড। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে শোকজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ থেকে ১৫ জনেরও কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আবার শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ থেকে সাতজনের মধ্যে। কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা। ফলে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফল কেন এত খারাপ হয়েছে, তার কারণ অনুসন্ধানের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমও পর্যালোচনার দাবি উঠেছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, কোনো প্রতিষ্ঠানের অবহেলা, ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা অভ্যন্তরীণ সমস্যার কারণে এমন ফল হয়ে থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হচ্ছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষা গবেষকদের মতে, শুধু শূন্য পাসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার পরিবেশ, শিক্ষক উপস্থিতি, পাঠদানের মান এবং প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা-সবকিছুই পর্যালোচনা করা দরকার। একই সঙ্গে শিক্ষার্থীরা কেন পরীক্ষায় ভালো করতে পারেনি, সেটিও আলাদাভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

এদিকে, গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ৩১২টিতে পৌঁছেছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।

অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। ফলে সামগ্রিক ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের এই বৈপরীত্য নিয়েও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন