শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আম্বিয়া খাতুন দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত কেসমত আলীর মেয়ে এবং একই গ্রামের আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আম্বিয়া খাতুনকে আটক করে তার দেহ ও বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে গ্রেপ্তার আম্বিয়া খাতুনকে আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
