ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২ আগস্ট, ২০২৬
জাতীয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

২ আগস্ট, ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (২ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের প্রবিধানমালার ৬৪ নম্বর প্রবিধি অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুসারে নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ বা সুপার অ্যাডহক কমিটির সভাপতির জন্য তিন সদস্যের একটি প্যানেল প্রস্তুত করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

প্রস্তাবিত প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সভাপতির পাশাপাশি অন্যান্য সদস্যদের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ প্রস্তাবও বোর্ডে পাঠাতে হবে।

সিটি করপোরেশন এলাকায় অবস্থিত দাখিল ও আলিম মাদরাসার ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে অ্যাডহক কমিটির প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠানোর বিধান রাখা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন