ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়

মীর নাদিয়া নিভিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১৬ জুন, ২০২৬
মীর নাদিয়া নিভিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। এর মাধ্যমে তিনি আইডিআরএর ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আগামী তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মীর নাদিয়া নিভিন আন্তর্জাতিক উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়া কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

মীর নাদিয়া নিভিনের আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির ‘এশিয়া ২১ ইয়াং লিডারস’ তালিকায় অন্তর্ভুক্তি। ২০১৯ সালে এশিয়ার ৩৯টি দেশের অনূর্ধ্ব-৪০ বছর বয়সী উদীয়মান নেতাদের তালিকায় তিনি স্থান পান। জাতিসংঘে যোগদানের আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং কিছু সময় সাংবাদিকতাও করেছেন।

আইডিআরএর চেয়ারম্যানদের ধারাবাহিকতা

২০১১ সালের ১১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আইডিআরএ এখন পর্যন্ত ছয়জন চেয়ারম্যান পেয়েছে। সংস্থাটির প্রথম চেয়ারম্যান ছিলেন এম শেফাক আহমেদ, যিনি একজন অ্যাকচুয়ারি। তিনি টানা দুই মেয়াদে মোট ছয় বছর দায়িত্ব পালন করেন।

তারপর শফিকুর রহমান পাটোয়ারী, যিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব, পূর্ণ তিন বছরের মেয়াদ সফলভাবে সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এম মোশাররফ হোসেন, মোহাম্মদ জয়নুল বারী এবং এম আসলাম আলম। তবে তাঁদের কেউই নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি। এম মোশাররফ হোসেন ২০২০ সালে নিয়োগ পাওয়ার পর প্রায় দুই বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেন। ২০২২ সালে নিয়োগ পাওয়া মোহাম্মদ জয়নুল বারীকে ২০২৪ সালে পদত্যাগ করতে বলা হয়। আর ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব পাওয়া এম আসলাম আলম ২০২৬ সালের মার্চে দায়িত্ব ছাড়েন।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে একজন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন নারী পেশাজীবীর আগমন খাতটির সংস্কার, সুশাসন ও আধুনিকায়নে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।

শেয়ার করুন