ফেসবুক ও মেসেঞ্জারে আকস্মিক বিভ্রাট, বহু ব্যবহারকারী অটো লগআউট
প্রতিনিধি
ফিরোজ আলম :

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ করে প্রযুক্তিগত সমস্যার অভিযোগ পাওয়া গেছে
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ করে প্রযুক্তিগত সমস্যার অভিযোগ পাওয়া গেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে এবং পুনরায় লগইন করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার (১২ জুন) বিভিন্ন আউটেজ পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্মে হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানান। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারা, নিউজফিড লোড না হওয়া, মেসেঞ্জার ব্যবহার ব্যাহত হওয়া এবং বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে কাজ না করা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ কয়েকটি দেশে সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী এ ধরনের সমস্যার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন।
তবে কী কারণে এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এছাড়া সমস্যার সমাধান হতে কত সময় লাগতে পারে, সে সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।
প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, এটি সার্ভার বা সিস্টেমগত কোনো সাময়িক ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। ব্যবহারকারীদের অযথা উদ্বিগ্ন না হয়ে কিছু সময় অপেক্ষা করার এবং সন্দেহজনক লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
