ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, প্রাণ গেল ৭ জনের

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৩০ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, প্রাণ গেল ৭ জনের

ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল থেকে রাত পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আঘাত হানা এই দুর্যোগে আহত হয়েছেন আরও কয়েকজন। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা, হাওড়া ও বিধাননগর এলাকা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। প্রবল বাতাসে বহু পুরোনো গাছ উপড়ে পড়ে এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়।

কলকাতার প্রিন্সেপ ঘাট এলাকায় গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। সাউথ সিটি মলের একটি অংশের কাচ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ঝড়ের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও দেখা দিয়েছে বিঘ্ন। জরুরি ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে শনিবারও কলকাতাসহ অন্তত ১০টি জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্য সরকারের কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করছে। ঝুঁকিপূর্ণ গাছ, বৈদ্যুতিক তার ও ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এদিকে, দুর্যোগে নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনাও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন