তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতিশাবক উদ্ধার, মায়ের কাছে ফিরিয়ে দিলেন জেলেরা
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতিশাবক উদ্ধার, মায়ের কাছে ফিরিয়ে দিলেন জেলেরা
তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল একটি হাতিশাবক। স্রোতের টানে ক্রমেই দূরে চলে যাচ্ছিল প্রাণীটি। এমন দৃশ্য দেখে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা নিয়ে ছুটে যান কয়েকজন জেলে। প্রায় তিন কিলোমিটার নদীপথ ধাওয়া করে শেষ পর্যন্ত ক্লান্ত হাতিশাবকটিকে উদ্ধার করে নিরাপদে তীরে তোলেন তারা। পরে বন বিভাগের তত্ত্বাবধানে শাবকটির সঙ্গে তার মায়ের আবেগঘন পুনর্মিলন ঘটে।
গত ২১ সেপ্টেম্বর সকালে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগের গাজলডোবা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভি ও গাল্ফ নিউজের প্রতিবেদনে ঘটনাটি তুলে ধরা হয়।
জানা যায়, গাজলডোবার তিস্তা ব্যারাজসংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা প্রবল স্রোতের মধ্যে একটি হাতিশাবককে ভেসে যেতে দেখেন। মুহূর্তের মধ্যে তারা নৌকা ঘুরিয়ে শাবকটির দিকে এগিয়ে যান। নদীর উত্তাল স্রোত উপেক্ষা করে প্রায় তিন কিলোমিটার পথ অনুসরণ করার পর শাবকটির কাছে পৌঁছান তারা।
পরে মিথু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস ও বাবলু দাসসহ জেলেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে হাতিশাবকটিকে পানি থেকে তুলে নৌকায় তোলেন। এরপর নৌকায় করে সেটিকে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন।
তীরে পৌঁছে জেলেরা দ্রুত বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শাবকটিকে নিজেদের হেফাজতে নেন। দীর্ঘ সময় নদীর পানিতে ভেসে থাকায় শাবকটি বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তবে বন বিভাগের কর্মকর্তারা জানান, শাবকটি শারীরিকভাবে সুস্থ ছিল।
এরই মধ্যে শাবকের খোঁজে নদীর তীরে চলে আসে তার মা। বন বিভাগের তত্ত্বাবধানে একপর্যায়ে মা হাতির সঙ্গে শাবকটির পুনর্মিলন ঘটে। মাকে কাছে পেয়ে শাবকটিও তার সঙ্গে বনের দিকে চলে যায়।
স্থানীয়রা জানান, জলপাইগুড়ির গাজলডোবা এলাকায় প্রায়ই বন্য হাতির দল চলাচল করে। তিস্তার প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি অসহায় হাতিশাবককে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় জেলেদের সাহস ও মানবিকতার প্রশংসা করছেন অনেকে। ঘটনাটি বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের দায়িত্বশীল ভূমিকারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।
