ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
জাতীয়

ঢাকায় ডিভাইডার ভেঙে উল্টো লেনের বাসে ধাক্কা, নিহত ৪

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

২৭ মে, ২০২৬
ঢাকায় ডিভাইডার ভেঙে উল্টো লেনের বাসে ধাক্কা, নিহত ৪

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন।

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে রাজধানীতে প্রবেশ করছিল। নতুন বাজারের নর্দ্দা এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। পরে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে গিয়ে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

নিহতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার মো. কবির জোমাদ্দার (৪৭), তার স্ত্রী লাইজু বেগম (৩৮), একই উপজেলার খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রবিউল (২২)।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন জানান, আকাশ পরিবহনের বাসে যাত্রী সংখ্যা বেশি ছিল। অন্যদিকে ইসলাম পরিবহনের বাসে মাত্র কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যান।

তিনি আরও জানান, বাসের যাত্রীদের ভাষ্য অনুযায়ী, পটুয়াখালী থেকে আসার পুরো পথেই বাসটি বেপরোয়া গতিতে চলছিল এবং চালকের আচরণও ছিল অস্বাভাবিক।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর নতুন বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

শেয়ার করুন