আলাদিপুর বাজারে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

রাজবাড়ী জেলার আলাদিপুর বাজারে শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসির ৩ দিনব্যাপী “ক্যাশলেস ক্যাম্পেইন”।
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার আলাদিপুর বাজারে শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসির ৩ দিনব্যাপী “ক্যাশলেস ক্যাম্পেইন”।
ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় ও নিরাপদ করতে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সোমবার (১৮ মে ২০২৬) সকালে পূবালী ব্যাংক পিএলসি’র রাজবাড়ী শাখার আয়োজনে আলাদিপুর বাজারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।
ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার ব্যবস্থাপক ও এজিএম মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন শুধু সময় সাশ্রয়ীই নয়, এটি নিরাপদ ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দেশের ডিজিটাল অগ্রযাত্রায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আলাদিপুর বাজারের ব্যবসায়ী, পূবালী ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে ডিজিটাল ব্যাংকিং সেবা, ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
