জুলাই আন্দোলনের ওয়াদুদ হত্যা মামলা: সাবেক এমপি রউফ কারাগারে
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

জুলাই আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জুলাই আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল সাবেক এমপি রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওই আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
শুনানির দিন আবদুর রউফকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর আগে একই বছরের ১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাব আবদুর রউফকে গ্রেপ্তার করে। পরদিন তাকে কুষ্টিয়া মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সর্বশেষ বুধবার নিউ মার্কেট থানার এ হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হলো।
আবদুর রউফ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এর আগে দশম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য ছিলেন।
