ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৬ মে, ২০২৬
সারাদেশ

টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় মেলার দড়ি, ক্ষোভ-নিন্দার ঝড়

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৫ মে, ২০২৬
টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় মেলার দড়ি, ক্ষোভ-নিন্দার ঝড়

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি বাঁধার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি বাঁধার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত একটি মেলা উপলক্ষে উদ্যানে বিভিন্ন স্টল নির্মাণ করা হয়। এমনকি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনেও স্টল বসানো হয়। গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ মেলার উদ্বোধন করেন।

মেলার শেষ দিনে তোলা একটি ছবি গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, স্টলের দড়ি টানিয়ে তা সরাসরি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় বাঁধা হয়েছে। সেই দড়িতে ঝুলছে কাপড়সহ বিভিন্ন পণ্য।

ছবিটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। আল আমীন খান নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, “বীরের গলায় মেলার দড়ি! এ লজ্জা কি শুধু টাঙ্গাইলবাসীর?” উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম বলেন, “বীরশ্রেষ্ঠদের গলায় দড়ি বেঁধে সেখানে পণ্য ঝোলানো শুধু অব্যবস্থাপনা নয়, ইতিহাসের অপমান।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমীনও ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে, মেলার ব্যবসার জন্য আজ তাদের গলায় দড়ি—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

শিক্ষাবিদ ও সচেতন মহল থেকেও এসেছে তীব্র নিন্দা। সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, “ভাস্কর্য আড়াল করে স্টল নির্মাণই ঠিক হয়নি। তার ওপর গলায় দড়ি টানানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

এ বিষয়ে বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম বলেন, “মেলার কয়েকদিন পর কে বা কারা এ কাজ করেছে, তা আমাদের জানা নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দড়ি খুলে ফেলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

শেয়ার করুন