ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
প্রতিনিধি
মাসুদুর রহমান শেখ :

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া (আইএএস) স্বাক্ষরিত ২৪ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, জেলার ৩৩টি বিধানসভা আসনে ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত উত্তর ২৪ পরগনার সব আন্তর্জাতিক স্থলসীমান্ত ও প্রবেশপথে সাধারণ যাতায়াত সীমিত থাকবে। এর ফলে বেনাপোল-পেট্রাপোল রুটেও স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যত তিন দিন এই পথে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে নষ্টযোগ্য বা পচনশীল পণ্য পরিবহন চালু থাকবে।
এদিকে যাত্রী চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচনকালীন সময়ে সাধারণ পাসপোর্টযাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। কেবল জরুরি চিকিৎসার জন্য (মেডিকেল ভিসা) বাংলাদেশি যাত্রীরা ভারতে যেতে পারবেন। পাশাপাশি, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা ভোট দেওয়ার জন্য নিজ দেশে ফিরে যেতে পারবেন। ৩০ এপ্রিল সকাল ৭টা থেকে যাত্রী চলাচল স্বাভাবিক হবে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময়ের মধ্যে কোনো পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক এই পদক্ষেপ নেওয়া হলেও এতে সীমান্ত বাণিজ্যে সাময়িক প্রভাব পড়বে। তবে নিষেধাজ্ঞা শেষে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
তবে, পাসপোর্ট যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় সোমবার সকাল থেকে মেডিকেল ছাড়া অন্যান্য ভিসার পাসপোর্ট যাত্রীরা ভারতে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকার তাসনিভা নোভা নামের এক পাসপোর্ট বলেছেন-পাসপোর্ট যাত্রী চলাচলের নিষেধাজ্ঞা কর্তৃপক্ষকে আগেই প্রকাশ করা উচিৎ ছিলো, তাহলে আমাদেরকে এই বিড়ম্বনায় পড়তে হতোনা।
