ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৭০

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৬ এপ্রিল, ২০২৬
বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৭০

বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৭০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে আবারও মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। বাংলাদেশিসহ মোট ১০৫ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে যাওয়া একটি কাঠের নৌযান ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রোববার (৫ এপ্রিল) ইতালির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই পুরুষ এবং তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ইতালির কোস্টগার্ডের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা। জার্মানভিত্তিক সংস্থা ‘সি-ওয়াচ’ ঘটনাস্থলে নজরদারির জন্য বিমান পাঠায়। তাদের ধারণ করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকার উল্টে থাকা তলদেশ আঁকড়ে ধরে কয়েকজন বেঁচে থাকার চেষ্টা করছেন।

মানবিক সংস্থা ‘মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান’ জানায়, নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউরা থেকে যাত্রা শুরু করেছিল। এটি ভূমধ্যসাগরের লিবিয়া নিয়ন্ত্রিত সার্চ অ্যান্ড রেস্কিউ (এসএআর) জোনে, বৌরি অয়েল ফিল্ডের উত্তর-পূর্ব দিকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের এবং নিহতদের মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। নিখোঁজদের খোঁজে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংস্থাটি নিখোঁজদের জন্য শোক প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ ও মানবিক অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বৈধ কাগজপত্র ছাড়া ইউরোপে পৌঁছাতে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের কাছে একটি পরিচিত পথ। তবে এই রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিবছরই হাজার হাজার মানুষ এই পথে প্রাণ হারান।

জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

শেয়ার করুন

বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৭০ | সীমান্তের খবর