আমেরিকা-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক :

আমেরিকা-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। ঘটনাটি দেশটির নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকালে একটি লক্ষ্যভিত্তিক হামলায় খাদেমি নিহত হন। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রথমদিকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছিল, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। তবে পরবর্তীতে ইসরায়েলের পক্ষ থেকে এক বার্তায় এই হামলার দায় স্বীকার করা হয়েছে বলে জানা গেছে। আইডিএফ বলেছে, আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা ইরানের জন্য বড় ধরনের ধাক্কা।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে। এর আগে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েল সংঘাতে এক হামলায় নিহত হন। তার মৃত্যুর চার দিনের মাথায় মাজিদ খাদেমি নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন।
দায়িত্ব নেওয়ার পর খাদেমি ইরানের গোয়েন্দা কার্যক্রম পুনর্গঠনে কাজ করছিলেন বলে জানা যায়। বিশেষ করে ইসরায়েলবিরোধী কর্মকৌশল ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের পরিবেশ তৈরি করছে।
এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর ফলে প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও নাজুক হয়ে উঠতে পারে। তথ্যসূত্র: বিবিসি
