জ্বালানি সংকটে নতুন সময়সূচি: সকাল ৯টা-বিকেল ৪টা অফিস, ব্যাংক লেনদেন ১০টা-৩টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

জ্বালানি সংকটে নতুন সময়সূচি: সকাল ৯টা-বিকেল ৪টা অফিস, ব্যাংক লেনদেন ১০টা-৩টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়। রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।
দেশে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংকিং কার্যক্রম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, বন্দর, গণমাধ্যমসহ জরুরি সেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই অফিস সময় (সকাল ৯টা–বিকেল ৪টা) নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহকদের জন্য লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়ন করবে। বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো আগের মতো ২৪ ঘণ্টা চালু থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি সেবা ছাড়া সব বিপণিবিতান, শপিং মল, অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি উঠলেও আপাতত এ সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে সরকার।
আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে। অন্যদিকে, শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যা বাংলাদেশ শ্রম আইনের আওতায় নির্ধারিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আলাদা নির্দেশনা দেবে বলে জানা গেছে। আংশিক অনলাইন ও আংশিক সশরীর ক্লাস চালুর একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে, যাতে সপ্তাহে ছয় দিনের মধ্যে কিছুদিন অনলাইন ও কিছুদিন সরাসরি পাঠদান রাখা হতে পারে। তবে প্রাথমিক স্তরে অনলাইন ক্লাস বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়েছে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এর আগেও অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক সময়সূচিতে ফেরার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
