শার্শায় পুলিশের অভিযানে কৃষকলীগ নেতা মমিনুর গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মমিনুর রহমান (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মমিনুর রহমান (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে শার্শা থানাধীন উলাশী গ্রামের কামারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমিনুর রহমান যশোর জেলার শার্শা থানার উলাশী ইউনিয়নের কামারপাড়া এলাকার মৃত মান্দার বক্সের ছেলে।
পুলিশ জানিয়েছেন গ্রেপ্তার ব্যক্তি উলাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার ও এএসআই আজমুল হুদা মিঠুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মমিনুর রহমানকে গ্রেপ্তার করেন। তিনি শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
