ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় গভীর রাতে পুলিশের অভিযান, তৃণমূল আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন :

শার্শায় গভীর রাতে পুলিশের অভিযান, তৃণমূল আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই ইউপি সদস্যসহ তৃণমূল আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই ইউপি সদস্যসহ তৃণমূল আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, একজন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অপরজন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর জেলার শার্শা থানার ডিহি ইউনিয়নের পাড়িয়ার ঘোপ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে ও সাবেক মেম্বার খোরশেদ আলম (৫০), কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে ও সাবেক মেম্বার শেখ নাজমুল হাসান (৫১), গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমানুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারা রয়েছে।

পুলিশ জানায়, মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রথমে খোরশেদ আলমকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে পাড়িয়ার ঘোপে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টা ১৫ মিনিটে রাড়িপুকুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শেখ নাজমুল হাসানকে।

এরপর ২৭ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটে গোপালপুরে নিজ বাড়ি থেকে ইমানুর রহমানকে এবং রাত ১টা ২০ মিনিটে আমলাইয়ে নিজ বাড়ি থেকে আবু বকর সিদ্দিক ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার চার আসামিকে রবিবার (২৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন