ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লাগার ঘটনায় আতঙ্কে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক রোগী ও স্বজন। তাদের বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোলরুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে অনেকেই দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
প্রাথমিকভাবে লিফটের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
হাসপাতালের নতুন আটতলা ভবনটিতে আইসিইউ, হৃদরোগ, ডায়ালাইসিস ও শিশু বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ড রয়েছে। আগুনের ঘটনায় ওই ভবনে থাকা রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।
