ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়

প্রধান শিক্ষিকা মৃত্যুর ২৪ ঘণ্টায় ‘‘প্যারা পনি’ ও সহযোগী সেড্রিক গ্রেপ্তার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

৩০ আগস্ট, ২০২৬
প্রধান শিক্ষিকা মৃত্যুর ২৪ ঘণ্টায় ‘‘প্যারা পনি’ ও সহযোগী সেড্রিক গ্রেপ্তার

প্রধান শিক্ষিকা মৃত্যুর ২৪ ঘণ্টায় ‘‘প্যারা পনি’ ও সহযোগী সেড্রিক গ্রেপ্তার

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল সন্দেহভাজন ছিনতাইকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তাঁর সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করে র‌্যাব-২।

রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‌্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন (৫৫) চিকিৎসার জন্য স্বামী আবদুল মতিনের সঙ্গে শুক্রবার রাতে ঢাকায় আসেন।

শনিবার ভোরে টার্মিনাল থেকে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তাঁরা। সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রনজিলার ব্যাগ ধরে টান দেয়।

হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। স্বজনরা দ্রুত তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়। একপর্যায়ে সন্দেহভাজনদের পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় প্যারা পনি ও তাঁর সহযোগী সেড্রিককে।

র‌্যাবের দাবি, প্যারা পনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাঁর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

অভিযানে উদ্ধার করা মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর কাছে ছিল।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেল হিসেবে শনাক্ত করেছেন নিহত রনজিলা পারভীনের স্বামী আবদুল মতিন।

রনজিলা পারভীনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার পরিবারে। মায়ের মৃত্যুর খবর শুনে নির্বাক হয়ে পড়েছে তাঁর একমাত্র মেয়ে রাইসা আকতার। সে বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

রনজিলার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে। তাঁর স্বামী আবদুল মতিন বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় পোশাকের ব্যবসা করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় ১৭২টি মামলা হয়েছে। এসব ঘটনায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারী এলাকায় ৩৮টি এবং তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় ৩৪টি ছিনতাইয়ের মামলা হয়েছে।

তবে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। কারণ, অনেক ঘটনায় মামলা না করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আবার ছোটখাটো ছিনতাইয়ের ঘটনায় অনেকে থানায় অভিযোগও করেন না।

জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকার সামনে ছিনতাইকারীর টানে একজন প্রধান শিক্ষিকার প্রাণহানির ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন