পাচারের আগে ৩২ কচ্ছপ উদ্ধার, সকালে অবমুক্ত
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

পাচারের আগে ৩২ কচ্ছপ উদ্ধার, সকালে অবমুক্ত
ভোলার চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে মাছবাজারে মজুত করে রাখা বিলুপ্তপ্রায় সন্ধি ও করি কাইট্টা প্রজাতির ৩২টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধার হওয়া কচ্ছপগুলো বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে চরফ্যাশন উপজেলা সদরের মাছবাজারে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, মাছবাজারের একটি দোকানে বিপুলসংখ্যক কচ্ছপ পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানটির একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৩২টি কচ্ছপ উদ্ধার করা হয়। সবগুলো কচ্ছপই জীবিত ছিল।
ভোলা বন কর্মকর্তার নির্দেশনায় উপজেলা নার্সারি কেন্দ্রের ফরেস্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ৩২টি কচ্ছপ রোববার সকালে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে।
চরফ্যাশন বন বিভাগের বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে চরফ্যাশন উপজেলার চারটি স্থান থেকে কচ্ছপ শিকার ও পাচারের তথ্য পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার, সংরক্ষণ ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও দেশি-বিদেশি চোরাকারবারিরা ধুম, সন্ধি, করি কাইট্টা ও হলুদ কাইট্টার মতো প্রায় বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির কচ্ছপ অবৈধভাবে শিকার ও পাচার করছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে কচ্ছপের মাংস ও খোলসের উচ্চমূল্য থাকায় এসব বন্যপ্রাণী পাচারের প্রবণতা রয়েছে। শনিবার রাতে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ রয়েছে, যেগুলো বাংলাদেশে প্রায় বিলুপ্তপ্রায়।
বন কর্মকর্তা জানান, কচ্ছপগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় এ ঘটনায় কাউকে আটক বা কোনো মামলা করা হয়নি।
