বেনাপোলের পুটখালী সীমান্তে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক ১
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলের পুটখালী সীমান্তে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক ১
বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটক সুজন হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ আগস্ট) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সুজন হোসেনকে আটক করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার তিনটি স্বর্ণের বারের ওজন ৩৯৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দ মোটরসাইকেলের মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জব্দ স্বর্ণের বার যশোর ট্রেজারি অফিসে এবং মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
