শার্শায় তৃণমূল আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় তৃণমূল আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
যশোরের শার্শায় যুবলীগ ও আওয়ামী লীগের তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়া ধাবকপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুল লতিফ ধাবকের ছেলে মোঃ শফিক মাহমুদ ধাবক (৪৩), লক্ষণপুর ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মোঃ আমিনুর রহমান (৫২) এবং ডিহি ইউনিয়নের টেংরালী উত্তরপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ বজলুর রহমান (৫০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শফিক মাহমুদ ধাবক নিষিদ্ধঘোষিত শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
