জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র্যালি ও সমাবেশ
প্রতিনিধি
কামাল হোসেন:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র্যালি ও সমাবেশ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আনন্দ র্যালি ও পথসভা করেছে পৌর বিএনপি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল পৌর বিএনপি ও স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নূর শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত পথসভায় মিলিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব ও সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন ও রাজনৈতিক তদারকির দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১৪ (যশোর) থেকে মনোনীত এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মুফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখেই এ কর্মসূচি পালন করা হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন অব্যাহত থাকবে। শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, বিএনপি নেতা ইছাহক মেম্বার, রফিকুল ইসলাম, ইয়ার আলী, সবুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ছাত্র-জনতা।
