ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী
প্রতিনিধি
কামাল হোসেন:

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী
ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বাংলাদেশি তরুণীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে।
হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা তরুণী হলেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সায়েদপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)।
ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ২০২৬ তারিখে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ কর্তৃক ২ জুলাই ২০২৬ তারিখে ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ হলে তাকে থানায় নেওয়া হবে। পরে স্থানীয় এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ার-এর প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হবে, যাতে তারা তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিতে পারেন।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, তরুণীটি ২০২৪ সালে দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ভারতে যান। সেখানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিনি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন ও পোর্ট থানার আইনগত প্রক্রিয়া শেষে এনজিওটির পক্ষ থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
