যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ শার্শার তৌফিক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ শার্শার তৌফিক আটক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. তৌফিকুর রহমান (৩৯)।
বিজিবি জানায়, তৌফিকুর রহমানের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা, জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩৯ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
