ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সারাদেশ

গদখালীতে ১৩টি স্বর্ণের বারসহ আটক সাহাব উদ্দিন বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

২৬ জুন, ২০২৬
গদখালীতে ১৩টি স্বর্ণের বারসহ আটক সাহাব উদ্দিন বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে

গদখালীতে ১৩টি স্বর্ণের বারসহ আটক সাহাব উদ্দিন বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক সাহাব উদ্দিন সরদার যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি জানায়, অভিযানের সময় সন্দেহভাজন ওই ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালীর দিকে যাচ্ছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন