ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়

“ভারত থেকে আসছে ২০০ যাত্রীবাহী ব্রডগেজ কোচ”

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

২৪ জুন, ২০২৬
“ভারত থেকে আসছে ২০০ যাত্রীবাহী ব্রডগেজ কোচ”

ভারত থেকে বাংলাদেশে যাত্রীবাহী রেল কোচ রপ্তানি আবারও শুরু হতে যাচ্ছে

ভারত থেকে বাংলাদেশে যাত্রীবাহী রেল কোচ রপ্তানি আবারও শুরু হতে যাচ্ছে। আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই হবে বাংলাদেশে ভারতীয় রেল কোচ সরবরাহের প্রথম চালান।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, ৯১৫ কোটি রুপি মূল্যের একটি চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ নির্মাণ করছে ভারত। এর প্রথম ধাপে ২০টি কোচ আগামী মাসে বাংলাদেশে পাঠানো হবে। ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কোচগুলো ইতোমধ্যে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।

সূত্র জানায়, প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত এই কোচ নির্মাণের কাজ পায়। কোচগুলো পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম রেকের কোচগুলো চলতি বছরের জুলাইয়ের মধ্যেই প্রস্তুত হয়ে বাংলাদেশে পাঠানো হবে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পটির কাজ কিছুটা ধীরগতিতে চললেও বর্তমানে তা নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোচ যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা আরও সম্প্রসারিত হবে এবং আন্তঃনগর ও দূরপাল্লার ট্রেন পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, এর আগে ভারত বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি লোকোমোটিভ ইঞ্জিনসহ বিভিন্ন রেলওয়ে সরঞ্জাম সরবরাহ করেছে। সর্বশেষ এই চুক্তির আওতায় কোচ সরবরাহের পাশাপাশি নকশাগত সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ এবং কারিগরি প্রশিক্ষণও প্রদান করবে ভারত।

শেয়ার করুন

“ভারত থেকে আসছে ২০০ যাত্রীবাহী ব্রডগেজ কোচ” | সীমান্তের খবর