ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন, ২০২৬
সারাদেশ

বেনাপোলে সম্পত্তি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, মানহানির অভিযোগ পুত্রবধূর

প্রতিনিধি

কামাল হোসেন:

১৯ জুন, ২০২৬
বেনাপোলে সম্পত্তি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, মানহানির অভিযোগ পুত্রবধূর

বেনাপোলে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই রহমত আলীর পুত্রবধূ ছায়রা খাতুন।

যশোরের বেনাপোলে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই রহমত আলীর পুত্রবধূ ছায়রা খাতুন। তিনি অভিযোগ করেছেন, চলমান জমি বিরোধের জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর অভিযোগের সঙ্গে জড়ানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার দিকে বেনাপোল বলফিল্ড এলাকায় বিরোধপূর্ণ সম্পত্তির ওপর দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়রা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তার শ্বশুর রহমত আলী ও চাচা শ্বশুর নাসির উদ্দিনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদে তার নাম জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, পারিবারিক ওই বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। অথচ ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ‘মাদক ব্যবসায়ী’ ও ‘অসামাজিক কর্মকাণ্ডে জড়িত’ বলে অপপ্রচার চালানো হয়েছে।

ছায়রা খাতুন বলেন, “আমি একজন সাধারণ গৃহিণী। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের কারণে আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, তার চাচা শ্বশুর নাসির উদ্দিন একজন ভারতীয় নাগরিক এবং তিনি বাংলাদেশে অবস্থান করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ছায়রা খাতুন গণমাধ্যমকর্মীদের কাছে তার বক্তব্য যথাযথভাবে প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যা অভিযোগের কারণে তার যে সম্মানহানি হয়েছে, তার প্রতিকার চান এবং সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

এ সময় রহমত আলীর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) একই স্থানে সংবাদ সম্মেলন করে ছোট ভাই নাসির উদ্দিন সম্পত্তি বিরোধের জেরে বড় ভাই রহমত আলী ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেন ছায়রা খাতুন।

শেয়ার করুন