ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন, ২০২৬
সারাদেশ

জমি দখলকে কেন্দ্র করে হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১৪ জুন, ২০২৬
জমি দখলকে কেন্দ্র করে হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার

জমি দখলকে কেন্দ্র করে হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যাচেষ্টা মামলার তিন এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন- শিশান থান্দার (৫০), বায়েজিদ থান্দার (৩০) ও তোকা থান্দার (২৫)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কুসুমদিয়া মাজার এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ আভিযানিক দল। অভিযানে গত ১৯ মে দায়ের হওয়া শাহাবুদ্দিন থান্দার হত্যা চেষ্টা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা এলাকায় জমির মালিকানা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য অভিযুক্তরা শাহাবুদ্দিন থান্দারকে তাদের দাবি করা জমিতে চলাচলে বাধা দেয় এবং অবৈধভাবে জায়গাটি দখলের চেষ্টা করে।

একপর্যায়ে আসামিরা রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে শাহাবুদ্দিন থান্দারের বাড়িতে প্রবেশ করে। সেখানে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর শাহাবুদ্দিন থান্দার বাদী হয়ে কালিয়া থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযানের মাধ্যমে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ আরও জানায়, সন্ত্রাস, হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন